chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বারইয়ারহাটে ‘হ্যাঁ’ জয়ের প্রচারণায় মাঈন উদ্দিন রায়হান

রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

সোমবার চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের নেতৃত্বে মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হবে। সংবিধান সংস্কারের পক্ষে জনমত গড়ে তুলতে দিনব্যাপী এই প্রচারণা চালান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বারইয়ারহাট বাজার থেকে শুরু হওয়া কর্মসূচিটি পরবর্তীতে মিঠাছড়া বাজার, বামন সুন্দর দারোগারহাট বাজারসহ উপজেলার বিভিন্ন জনাকীর্ণ স্থানে পরিচালিত হয়।

এ সময় মাঈন উদ্দিন রায়হান বলেন, “সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে হলে সচেতন নাগরিকদের ব্যালট বিপ্লবে শামিল হতে হবে। বারইয়ারহাটসহ উত্তর চট্টগ্রামের প্রতিটি জনপদ হবে অপশক্তির বিরুদ্ধে এক একটি অভেদ্য দুর্গ। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষ সন্ত্রাসীদের লাল কার্ড দেখিয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে—ইনশাআল্লাহ।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখা সভাপতি সাকিব হোসাইন, সাবেক উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা শিক্ষা ও ক্রীড়া সম্পাদক আব্দুছ ছালাম, জেলা বিজ্ঞান সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, মিরসরাই শহর থানা শাখা সভাপতি শরীফ সিদ্দিকী, সেক্রেটারি আব্দুল্লাহ আল রাফসানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর