chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এস এম শাহজাহানের আহ্বান

মোমবাতি প্রতীকে ভোট দিয়ে অন্যায়ের জবাব দিন

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, সমান অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমেই সব ধরনের অন্যায়ের জবাব দিতে হবে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি মোমবাতি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার বেলা ১১ টায় আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মাওলানা এস এম শাহজাহান বলেন, সুফিবাদী সুন্নি জনতা কখনো সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে না। তারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে।

তিনি বলেন, ভোটের আগে অনেকেই বসন্তের কোকিল হয়ে সুন্দর কথা বলছে, কিন্তু করোনা কিংবা দুর্যোগকালে জনগণের পাশে তাদের খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আনোয়ারা-কর্ণফুলী এলাকায় প্রায় ১৩০টি পীর-আউলিয়ার মাজার, দরগাহ ও খানকা রয়েছে। অথচ সাম্প্রতিক সময়ে এসব ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সুন্নিপন্থি বহু আলেমকে মসজিদের ইমামতি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে। এসব অন্যায়ের দাতভাঙা জবাব দিতে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, টানেলকেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তুলে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত দেয়াঙ পাহাড়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত এবং পীর-আউলিয়া ও সুফিবাদী নিদর্শন সংরক্ষণ করে মাজারকেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা না চালানো প্রসঙ্গে বক্তারা বলেন, দলের হাইকমান্ডের পক্ষ থেকে এখনো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তার জেহাদ চলবে অব্যাহতভাবে। আল্লাহ তাকে কামিয়াব করলে আনোয়ারা-কর্ণফুলীতে মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. এম এ অদুদ, এস এম হামেদ হোছাইন, এস এম জাহাঙ্গীর, এম এ মাবুদ, ডি আই এম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিস আলকাদেরী, হাফেজ আবদুর রহিম, মফিজ উল্লাহ, হাফেজ নুরুল আলমসহ সুন্নিজোটের নেতৃবৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর