চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দীন আহমদের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিনিয়র সিভিল জজ আদালত, সাতকানিয়ায় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয় থেকে এ নোটিশ জারি করা হয়।
সিভিল জজ সানজিদা আফরোজ বৃষ্টি স্বাক্ষরিত নোটিশে, আগামী ৪ ফেব্রুয়ারি বেলা সোয়া ১২টায় প্রার্থীকে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, এলডিপি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকতার আলম কর্তৃক দাখিল করা অভিযোগ করেছে।
এতে বিএনপি প্রার্থী মো. জসীম উদ্দীন আহমদ তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে নির্বাচনী আইনে নির্ধারিত সীমা অতিক্রম করে ছবি ব্যবহার করেছেন। অভিযোগটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩০ এবং ৭(ছ) বিধির পরিপন্থী। অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করার জন্য নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন দাখিলের জন্য চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসসি/চখ
