তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে,
সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে রোববার অনুষ্ঠিতব্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
শনিবার দুপুরে মহাসমাবেশের প্রস্তুতি কার্যক্রম তদারকির অংশ হিসেবে মেয়র ডা. শাহাদাত হোসেন পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি মঞ্চ নির্মাণ, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি এবং সার্বিক অবকাঠামোগত বিষয়সমূহ খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে নিশ্চিত করা যায়।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চললেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বরাবরের মতোই গণতন্ত্রের পক্ষে ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে, রোববারের মহাসমাবেশ সেই ধারাবাহিকতারই অংশ।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে মহাসমাবেশ আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন এবং সবাইকে গণতন্ত্রের পক্ষে নিজেদের অবস্থান দৃঢ় করতে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান।
মেয়র বলেন, এই মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত। ভোটাধিকার হরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সংকট থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বই আজ দেশের মানুষের একমাত্র ভরসা।
তিনি আরও বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ যেন না ঘটে, সে বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নাগরিক ভোগান্তি এড়ানোই আমাদের প্রধান অগ্রাধিকার।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসসি/চখ
