chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশকে কিছু দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা—চট্টগ্রাম জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সীতাকুণ্ড ডিগ্রি কলেজে আয়োজিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, সীতাকুণ্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় নির্বাচন কমিশনার জনাব আব্দুর রহমানেল মাছউদ। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার (চট্টগ্রাম-৪) ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম অঞ্চল ও রিটার্নিং অফিসার (চট্টগ্রাম-১১) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার, চট্টগ্রাম জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সততা, দক্ষতা ও নিরপেক্ষতার কোনো বিকল্প নেই। তিনি রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের প্রতি নির্বাচন কমিশনের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া শতভাগ অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনাদের সামনে দেশকে কিছু দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের মেরুদণ্ড শক্ত ও বিবেক মজবুত রাখতে হবে। দেশকে কিছু দেওয়ার মধ্য দিয়েই জীবনের সার্থকতা খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পবিত্র দায়িত্ব। সরকার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের মাধ্যমে কর্মকর্তারা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন।

গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। ভোটারদের কোনো বিভ্রান্তি হলে যেন সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া যায়, সে লক্ষ্যে সকল কর্মকর্তাকে গণভোট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার প্রায় দুই হাজার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর