মাইজভাণ্ডার শরীফে ‘শোকর’ ম্যাগাজিন ও সুফিবাদ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন
গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ২০০তম জন্মবার্ষিকী ও ১২০তম ওরশ শরিফ উপলক্ষ্যে মাইজভাণ্ডার দরবার শরিফে ‘শোকর’ ম্যাগাজিন এবং ‘সুফিবাদের আলোকে সালাত ও কামেল মুর্শিদের অপরিহার্যতা’ শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ৯ মাঘ মাইজভাণ্ডার দরবার শরিফে আয়োজিত অনুষ্ঠানে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) আনুষ্ঠানিকভাবে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, প্রকাশক ও ‘শোকর’ ম্যাগাজিনের সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ আজমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, সুফিবাদের আধ্যাত্মিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ সমাজে শান্তি, সহনশীলতা ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকাশিত বই ও ম্যাগাজিন পাঠকের মাঝে সুফি দর্শন সম্পর্কে গভীর অনুধাবন সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, বইটি শিগগিরই শোকর এ মওলা মনজিল-এ পাঠকদের জন্য উপলভ্য হবে।
এসসি/চখ
