তরুণদের প্রশ্নে মুখর মিরসরাই,
‘Hello Our Gen-Z’ আলোচনায় শিক্ষার্থীদের ভাবনায় ভবিষ্যৎ
ভবিষ্যৎ মিরসরাই কেমন হবে—এই প্রশ্নকে সামনে রেখে তরুণদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গড়ে উঠলো এক প্রাণবন্ত মুক্ত সংলাপ। শিক্ষা, কর্মসংস্থান, নৈতিকতা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা ও প্রত্যাশা সরাসরি উঠে আসে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভায়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মিরসরাই পৌর সদরের ঊষা ডেভেলাপারস মাঠে অনুষ্ঠিত হয় “তরুণদের ভাবনায় মিরসরাই, তরুণদের প্রশ্নে মিরসরাই—Hello Our Gen-Z” শীর্ষক এই আলোচনা সভা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শীতের স্নিগ্ধ বিকেলে তরুণদের অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য পরিবেশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাকিব হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।
মিরসরাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা সভাটি পরিণত হয় তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ স্বপ্নের এক বাস্তব প্রতিচ্ছবিতে। মুক্তমঞ্চে শিক্ষার্থীরা নির্ভীকভাবে তুলে ধরেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ, সামাজিক নিরাপত্তা, নৈতিক অবক্ষয়, নাগরিক সুযোগ-সুবিধা, মাদক প্রতিরোধ, পরিবেশ ও পর্যটন উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রত্যাশা।
আলোচনায় একটি শিক্ষাবান্ধব, বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক মিরসরাই গড়ে তোলার দাবি জোরালোভাবে উঠে আসে। তরুণদের বক্তব্যে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আকাঙ্ক্ষা এবং নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রত্যাশা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ছাইফুর রহমান বলেন, তরুণদের চিন্তা ও মতামতকে গুরুত্ব দিয়েই একটি দক্ষ, আধুনিক ও সমৃদ্ধ মিরসরাই গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জনপ্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। ভবিষ্যতেও তরুণ ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এ ধরনের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
এসসি/চখ
