chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি সিএনজি জব্দসহ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আলমগীর (৪২)। তিনি একটি সিএনজি অটোরিকশার চালক বলে জানা গেছে।

সিএমপি মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রমিজ আহমদের নেতৃত্বে গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-০২ এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, জিডি নং-৪৩০ (তারিখ: ২১ জানুয়ারি ২০২৬) মূলে মহানগর এলাকায় বিশেষ অভিযান চলাকালে ২১ জানুয়ারি বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুয়াইশ কলেজ গেট এলাকা থেকে একটি সিএনজি করে অবৈধ অস্ত্র নিয়ে একজন অস্ত্র ব্যবসায়ী পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় যাচ্ছে।

খবরটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অনুমতি সাপেক্ষে বিকেল ৪টা ৫ মিনিটে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুর টাল সংলগ্ন সিটি লাইটস পেট্রোল পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্ট মেট্রো-খ-১৩-১৪৯০ নম্বরের একটি সিএনজিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে গোয়েন্দা পুলিশের সহায়তায় সিএনজিটি আটক করা হয়।

আটকের পর সিএনজি চালক মো. আলমগীরকে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেখানো মতে সিএনজির চালকের সিটের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
একটি বিদেশি পিস্তল (৭.৬৫ মি.মি.), একটি পিস্তলের ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি। পিস্তলটির গায়ে ইংরেজিতে “7.65, 7 RND, MADE IN U.S.A NO.111 KGF” লেখা রয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ ২১ জানুয়ারি সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর