chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাজার জিয়ারতের মধ্য দিয়ে,

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোরে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর তিনি পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী তার সঙ্গে জিয়ারত ও মোনাজাতে অংশ নেন।

সকাল ৮টায় তিনি চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে সকাল ৯টায় ছলিমপুর ওভারব্রিজ এলাকায় হযরত কালু শাহ (রহ.)-এর মাজারে জিয়ারত শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপর তিনি ফৌজদারহাট এলাকায় অবস্থিত হযরত শফিউর রহমান হাশেমী (রহ.) ও হযরত মুস্তাকিম হাশেমী (রহ.)-এর মাজারে জিয়ারত করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ভাটিয়ারীর মাদামবিবির হাটে শাহজানিয়া শাহ (রহ.), ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বার আউলিয়া মাজার, কুমিরার ডাল চাল মিয়া (রহ.), বাঁশবাড়ীয়ার ওয়ারিশ শাহ (রহ.), মুরাদপুর ফকিরহাটের সাদেক মাস্তান (রহ.) এবং সর্বশেষ পৌরসভাস্থ পন্থিশাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপি নেতা ডা. কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে ধানের শীষ প্রতীক ও বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে বিকেলে চট্টগ্রাম-৪ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর