chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতীক পাওয়ার পর আজ থেকে শুরু আনুষ্ঠানিক প্রচারণা

চট্টগ্রাম-১৩ আসনে ছয় প্রার্থীর লড়াই

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবারের নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা আজ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। এর মাধ্যমে ভোটারদের মন জয় ও ভোটের হিসাব নির্ধারণের চূড়ান্ত লড়াই শুরু হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন— বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী এস. এম. শাহজাহান, জাতীয় পার্টির প্রার্থী আবদুর রব চৌধুরী, এনডিএম-এর প্রার্থী মোহাম্মদ এমরান এবং ইনসানিয়াত বিপ্লব পার্টির প্রার্থী মো. রেজাউল মুস্তাফা।

ঐতিহাসিকভাবে এই আসনে বিএনপির প্রভাব সবচেয়ে বেশি। সেই ধারাবাহিকতায় সরওয়ার জামাল নিজাম ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা প্রয়াত আতাউর রহমান খান কায়সার ও আখতারুজ্জামান চৌধুরী বাবুকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মোট তিনবার এই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমানে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজাম। দলীয় নেতাকর্মীদের দাবি, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও অতীত উন্নয়নমূলক কর্মকাণ্ড এবারও ভোটারদের আস্থা অর্জনে সহায়ক হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আশাবাদী, এবারের নির্বাচনে তারা বড় ধরনের চমক দেখাতে পারবেন। তাদের প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী আনোয়ারা–কর্ণফুলী এলাকায় পরিচিত মুখ হওয়ায় ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তারা। জামায়াত সমর্থকদের দাবি, প্রার্থী গত এক বছর ধরে ধারাবাহিকভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়েছেন, যা ভোটের দিন ‘নীরব বিপ্লব’ ঘটাতে পারে।

সুন্নি জোটের অনুসারীদের মতে, সুন্নি জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে তাদের প্রার্থী এস. এম. শাহজাহানকে বিজয়ী করতে মাঠে কাজ করছে। সাবেক ছাত্রনেতা হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকা শাহজাহানের ব্যক্তিগত ইমেজ ও নিজস্ব ভোটব্যাংক রয়েছে বলে দাবি করছেন সমর্থকরা। তাদের প্রত্যাশা, এবারের নির্বাচনে মোমবাতি প্রতীকে অতীতের রেকর্ড ভেঙে বিপুল ভোট পড়বে।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৩ আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে আনোয়ারা উপজেলায় ১১টি এবং কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত। আনোয়ারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলী উপজেলায় ১ লাখ ৭ হাজার ৮৯৪ জন।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর