chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনেই গণতন্ত্রের উত্তরণ সম্ভব: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, আগামী নির্বাচন গণতন্ত্রের পথে উত্তরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা, আগামী ১২ ফেব্রুয়ারি সেই অপেক্ষার অবসান ঘটবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডস্থ চাক্তাই ভেড়া মার্কেট, নতুন ফিশারীঘাট, নবাব খান কলোনী ও উকিল কলোনী ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করে নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল। কৃতকর্মের কারণে আজ তারাই নির্বাসিত। আগামী দিনে জনগণের ভোট নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা হবে না। দেশে আর কোনো সাজানো নির্বাচন, ‘আমি-ডামি’ নির্বাচন কিংবা দিনের ভোট রাতে হওয়ার সুযোগ দেওয়া হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে আত্মত্যাগ রয়েছে, তা আগামী দিনের পথচলায় সাহস ও প্রেরণা জোগাবে।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয়তাবাদী আদর্শ বিএনপির রাজনীতির মূল প্রেরণা। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।

৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও শিহাব উদ্দিন মোবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন বিএনপি নেতা দিদারুল ইসলাম দিদার ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ। এ সময় মহানগর ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর