chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে নেওয়া হলো ঢাকায়

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হওয়া শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নেওয়ার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন। বিকেল চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয়।

চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চেয়ে ভালো। তবে তার স্নায়বিক জটিলতা ও আঘাতের গুরুত্ব বিবেচনা করে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে স্থানান্তরের পরামর্শ দিয়েছে গঠিত মেডিকেল বোর্ড।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার (আজ) বিকেল চারটার দিকে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আফনান উপজেলার পুতুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

চখ/ককন

এই বিভাগের আরও খবর