স্লুইসগেট নির্মাণে চাঁদা দাবির অভিযোগে আনোয়ারায় ট্যাটু সোহেল গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কান্দরিয়া খালের ওপর নির্মাণাধীন স্লুইসগেটের কাজে চাঁদা দাবির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সোহেল ওরফে ট্যাটু সোহেল (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া গ্রামের শরীফ মেম্বারের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ট্যাটু সোহেল চাতরী এলাকার রবিউল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইসহ ১০টিরও বেশি চাঞ্চল্যকর মামলা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, স্লুইসগেট নির্মাণকাজ শুরুর পর থেকেই ট্যাটু সোহেল ও তার সহযোগীরা ঠিকাদারের কাছে ২৫ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি তারা নির্মাণস্থলে গিয়ে নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর করে।
এ ঘটনায় দায়িত্বরত মো. শাহিন খান বাদী হয়ে মো. সোহেল (২৮), মো. হাছান (২৪)সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এসসি/চখ
