ই-রিটার্ন দাখিল ৩২ লাখ, প্রবাসী করদাতাদেরও ব্যাপক সাড়া
২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, এ করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে প্রায় ৩২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। ই-রিটার্ন ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।
এনবিআর জানায়, বাধ্যতামূলক না হলেও তিন হাজারের বেশি প্রবাসী করদাতা স্বেচ্ছায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
সোমবার ১২ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
এনবিআরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে মোট ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ২০২৫-২৬ করবর্ষের জন্য ইতোমধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে এনবিআর। কারণ, তাদের জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবু তারা স্বতঃস্ফূর্তভাবে অনলাইনে রিটার্ন জমা দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৩০০ জন প্রবাসী করদাতা বিদেশে অবস্থান করেই অনলাইনে আয়কর পরিশোধ করে রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানায়, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এনবিআর আরও জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী করদাতা ই-রিটার্ন সংক্রান্ত সেবা নিতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাকে আরও শক্তিশালী ও গতিশীল করছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে এনবিআর।
