chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ইয়ার্ডে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দূর থেকেও দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখে এলাকার অনেক বাসিন্দা ঘটনাস্থলের আশপাশে ছুটে আসেন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রবেশে কড়াকড়ি থাকায় আগুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে পারেননি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুন্নবী বলেন, “বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।”

খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ রাখার ইয়ার্ডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগায় প্রকল্পে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করেননি। মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রটি এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর