chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৩ কেন্দ্রে ২৬০২ শিক্ষার্থীর অংশগ্রহণ, ফল প্রকাশ ১৪ জানুয়ারি

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন প্রবর্তিত ‘মেয়র শিক্ষাবৃত্তি–২০২৫’ এর পরীক্ষা উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর তিনটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো। দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করিয়ে নিজ নিজ কক্ষে নিয়ে যান। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অভিভাবকদের কাছে ফিরে যায়।

মেয়র শিক্ষাবৃত্তি পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল জানান, চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় চসিকের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর মোট ১২৪টি বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ৩ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। এর মধ্যে ২ হাজার ৬০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

তিনি আরও জানান, বিশেষ প্রয়োজনে নগরীর বাইরে অবস্থান করায় মেয়র ডা. শাহাদাত হোসেন এবার কেন্দ্র পরিদর্শনে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি হৃদয় হাসান বাবু।

পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে মেয়রের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগ সর্বাত্মক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে।

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা আগামী প্রজন্মের মেধা-মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই আয়োজন সহায়ক হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে মেয়রের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মেধাবী প্রজন্মই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে।

বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক আবু মোশাররফ রাসেল জানান, আগামী ১৪ জানুয়ারি (বুধবার) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে মোট ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুইজন শিক্ষার্থী পাবেন ল্যাপটপ, ক্রেস্ট ও সনদ। অন্যান্য বৃত্তিপ্রাপ্তরা নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই পাবে।

তিনি আরও জানান, আগামী ১৯ জানুয়ারি নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর