chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে টানা জালে ধরা ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখ টাকায় বিক্রি

কক্সবাজারের টেকনাফে শীতকালীন মৌসুমে টানা জালে ধরা পড়েছে পড়েছে ১০৯ মণ ছুরি মাছ। মাছগুলো ৮ লাখ ১৭৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া নৌঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা সমুদ্রে মাছ ধরতে যান। ১টার দিকে জাল টেনে কূলে ফিরলে একঝাঁক মাছগুলো পাওয়া যায়।

মৌলভী হাফেজ আহমদ এর মালিকানাধীন টানা জালে ধরা পড়া ১০৯ মণ ছুরি মাছ প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী এখলাস মিয়া ৮ লাখ ১৭৫০০ টাকায় ক্রয় করেন। মাছগুলো শুঁটকি জাত করে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দু’টি মাদ্রাসা পরিচালনা করি। প্রত্যেক মাদ্রাসার সভায় একটি করে গরু দেই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা পরিশোধ করতে পারিনি। আল্লাহর রহমতে প্রতি বছর আমার জালে এমন প্রচুর মাছ ধরা পড়ে। এ বছরও প্রচুর ছুরি মাছ পাওয়া গেছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী এখলাস মিয়া বলেন, আমি প্রায় পঁচিশ বছর ধরে মাছের ব্যবসায় জড়িত। শীতকালীন এই মৌসুমে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। এসব মাছ আমি প্রতি মণ সাড়ে সাত হাজার টাকায় ক্রয় করেছি। মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে। পরে চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে। আশা করি, ব্যবসায়িকভাবে লাভবান হব।

জালের মাঝি মো. ইসলাম জানান, এই মৌসুমে দীর্ঘদিন ধরে আমরা মাছ কম পেয়ে আসছিলাম। আজ সকাল ৮টায় ২০ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে যাই। প্রায় ১০ লাখ টাকার মাছ ধরা পড়েছে। আজ আমরা সত্যিই অনেক খুশি।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এখানে ঘুরতে এসে দেখেছি প্রচুর মাছ ধরা পড়েছে। একদম ঈদের মতো আনন্দ লাগছে।

শীতকালীন এই সিজনে ধীরে ধীরে মাছের প্রাপ্তি বৃদ্ধি পেতে শুরু করেছে। জেলে, বোট মালিক ও ব্যবসায়ীদের মধ্যে এ ধরনের ধরা পড়া মাছের খবরে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর