chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইইমান–ইলম–ইশকের সমন্বয়ে ইনসাফভিত্তিক কর্মের আহ্বান- শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী

আশেকানে হক ভাণ্ডারী ও শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে আসন্ন মহান ১০ মাঘ গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ১২০তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা, মিলাদ ও জিকরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার হারুয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আজম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী একাডেমির আজীবন সদস্য জনাব ওমর ফারুক, সংগঠনের উপদেষ্টা ও পূবালী ব্যাংক কাজীরহাট শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সুমন এবং জ্যোতি ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি জনাব জয়নুল আবেদিন তাওরাত।

পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মাধ্যমে মাহফিলের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম। এরপর অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইমান, ইলম ও ইশক—এই তিনটির সমন্বয়ে আমাদের কর্ম করতে হবে। ইনসাফের ভিত্তিতে এই গুণাবলির প্রতিফলন ঘটাতে পারলেই মানুষ ‘আদিল’ বা ন্যায়বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।” তিনি আরও বলেন, সৃষ্টির প্রতি কোনো প্রকার আঘাত থেকে বিরত থেকে সকল সৃষ্টির প্রতি দয়ালু হওয়াই মাইজভাণ্ডারী ত্বরিকার শিক্ষা। এই ত্বরিকা একত্ববাদে বিশ্বাসী সকল মানুষের মধ্যে সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সৃষ্টির প্রতি যত্নবান হওয়ার শিক্ষা দেয়, যার মাধ্যমে মানব অন্তর পবিত্রতা অর্জন করে স্রষ্টার প্রেমে নিমগ্ন হয়।

তিনি আসন্ন মহান ১০ মাঘে বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা ও বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক ইমামুল আউলিয়া হযরত শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার ১২০তম বার্ষিক ওরশ শরীফে মওলা হুজুর মাইজভাণ্ডারী (মঃ জি. আঃ) কেবলা কাবার সদয় নির্দেশনা ও কেন্দ্রীয় পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের সদস্য ও বিশিষ্ট মাইজভাণ্ডারী সংগীতশিল্পী গোলাম মওলা রনীর পরিবেশনায় জিকরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর