chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাতদলের সংঘর্ষ, একজন নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে দুই ডাকাত দলের সংঘর্ষে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই-ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা আবুল কালামের পুত্র নূর কামাল (২৭)।

রাতে ১টায় দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার জানান, আজ দিবাগত রাত ১টার দিকে ডাকাত নূর কামাল গ্রুপ ও ডাকাত খালেক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ডাকাত নূর কামাল গুলিবিদ্ধ হন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য লেদা ক্যাম্প-২৪ আইওএম হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, ঘটনার খবর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প ও লেদা ক্যাম্পের কর্মকর্তা ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নূর কামালকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর