মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাত সহযোগী আটক, দুই মাঝি উদ্ধার
কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে এক ডাকাত সহযোগীকে আটক করা হয়েছে এবং ডাকাতের কবল থেকে দুই মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মহেশখালী থানাধীন নাপিতখালী এলাকায় “তৌকি এন্টারপ্রাইজ” নামের একটি লবণবাহী কার্গো বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের কবলে থাকা দুই মাঝিকে নিরাপদে উদ্ধার করা হয়। এসময় ডাকাতির মাধ্যমে লুট করা লবণ, ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোটসহ এক ডাকাত সহযোগীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাঝি, জব্দকৃত বোট ও আটককৃত ডাকাত সহযোগীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং নৌপথে সংঘটিত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসসি/চখ
