chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে, আর কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনের তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

মুছাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম। তিনি বলেন, “স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ফার্মগেট পার হয়ে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে মুছাব্বির ও আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। মুছাব্বিরকে প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান।

অপরদিকে আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৯টা ৫০ মিনিটে গুলির ঘটনার বিষয়টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেন। তিনি বলেন, “তেজগাঁও থানা থেকে মাসুদ নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।”

ফখ|চখ

এই বিভাগের আরও খবর