ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ প্রকাশ করেছেন, বাংলাদেশের এই অবস্থান ও যুক্তি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বোঝাতে সক্ষম হবে।
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনার পরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসিকে অবহিত করে বাংলাদেশ। এ সংক্রান্ত উদ্বেগের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানালে, জবাবে বিষয়টি সমাধানে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে আইসিসি।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপ খেলতে চাই। যেহেতু আরেকটি আয়োজক দেশ শ্রীলংকা রয়েছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।’
তিনি আরও বলেন, ‘এ পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড়। কেন আমরা এই সিদ্ধান্তে অনড়, তা আইসিসিকে বোঝাতে পারব বলে আশা করছি। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষ ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা আমরা কষ্ট করে অর্জন করেছি, সেখানে আমাদের অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেই বিশ্বাস করি।’
ফখ|চখ
