হাসপাতালে ভর্তি আরও ৬৩ ডেঙ্গু রোগী
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ অনেকটাই কমে এলেও নতুন বছরের দ্বিতীয় দিনে নতুন করে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৮ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে। এরপর ঢাকায় ১৬ জন এবং ৮ জন রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া বরিশাল বিভাগে ৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, রাজশাহীতে ৬ জন এবং খুলনায় বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ২০২৫ সালের দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৫০ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালেই সর্বোচ্চ ২১ হাজার ৫৫১ জন রোগী ভর্তি হয়েছেন।
গত বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ৪১৩ জন। মৃতদের আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ ১৯৪ জন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬৮ জন এবং বরিশাল বিভাগে ৫০ জনের মৃত্যু হয়েছে।
পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়; যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
২০১৯ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যুর আনুমানিক সংখ্যা ছিল ৩০০ জনের মতো। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রভাব তুলনামূলক কম ছিল।
ফখ|চখ
