টেলিযোগাযোগহীন কুরুকপাতা, ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন ১৭ হাজার মানুষ
বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের প্রায় ১৭ হাজার জনসাধারণ টেলিকমিউনিকেশনের সিস্টেমের বাইরে রয়ে গেছে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। উন্নত সড়ক যোগাযোগ থাকলেও টেলিকমিউনিকেশনের অভাবে উৎপাদিত কৃষিপণ্যে ন্যার্য্য মূল্য পাচ্ছেনা কৃষকরা। একইভাবে উন্নত স্বাস্থ্যসেবা ও সকল প্রকার ই-সেবা কার্যক্রম থেকে বঞ্চিত এ অঞ্চলের জনসাধারণ।
বিগত ২০১৭-১৮ অর্থ বছরে জাতীয় অর্থনৈতিক কমিটি (একনেক) ৩৭৫ কোটি টাকা অনুমোদন করে আলীকদম-পোয়ামুহুরী সড়ক নির্মাণ, রক্ষনাবেক্ষণ, প্রশিক্ষণ ও বৃক্ষরোপনের জন্য। সেই অর্থে নির্মিত হয় ২৪ ফুট প্রশস্থ আলীকদম-পোয়ামুহুরী সড়ক। এই সড়কটি নির্মানের ফলে সড়ক যোগাযোগের ব্যপক উন্নয়ন সাধিত হলেও কোন মোবাইল অপারেটর না থাকার কারণে টেলিযোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে এই ইউনিয়নের ১৭ হাজার জনসাধারণ ও ৩নং নয়াপাড়া ইউনিয়নের একাংশ।
বিপদে-আপদে আলীকদম উপজেলা সদরে না এসে কোন তথ্য সহায়তা, এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সুবিধা নিতে পারছেনা এ অঞ্চলের জনসাধারণ। সাম্প্রতিক সময়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে বহু লোক মারা গেলেও টেলিযোগাযোগ না থাকার কারণে এ্যাম্বুলেন্স সুবিধা পায়নি মৃতপ্রায় ব্যক্তিরা। জরুরি প্রয়োজনে বা বিভিন্ন দুর্ঘটনায় মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা। অপরদিকে টেলিযোগাযোগ না থাকার কারণ হিসেবে বৈদ্যুতিক সংকটকেও দায়ি করছেন অনেকেই।
এবিষয়ে কথা বললে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, জ্ঞান বিজ্ঞানের যুগে বিদ্যুৎ এবং টেলিযোগাযোগের বাইরে থাকা নেহায়েত দূর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমি মনে করি অন্তত একটি মোবাইল অপারেটরও যদি থাকে তাহলে অন্ততপক্ষে বিভিন্ন জরুরী প্রয়োজন বা দুর্ঘটনার সময়গুলোতে মানুষ সহজে যোগাযোগ করতে পারবে। এছাড়াও অত্র ইউনিয়নে অদ্যাবধি বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়নি। যার কারণে অনেকাংশে পিছিয়ে পড়েছে প্রান্তিক এই জনগোষ্ঠী।
টেলিযোগাযোগ না থাকার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম বলেন, আমরা পাহাড় থেকে উৎপাদিত বিভিন্ন কৃষিজাত পণ্য ক্রয় করি এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করি। কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে পণ্যের বাজার সম্পর্কে জানতে পারিনা। যার কারণে বিভিন্ন সময়ে পণ্য ক্রয় করে লোকসান গুনতে হয়। এই অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু হলে জনসাধারণের জীবন মান আরো উন্নত হবে বলে আশা করি।
জানতে চাইলে রবি আজিয়াটা লি: এর কক্সবাজার এরিয়া ম্যানেজার জানান, এসব বিষয়গুলো কোম্পানীর ক্যাপাসিটির উপর নির্ভর করে অনেকটা। তার পরও বিভিন্ন সময়ে আমাদের টিম জরিপ পরিচালনা করে। জরিপ টিমের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকি । তার পরও কুরুকপাতা ইউনিয়নের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নেবো।
চখ/ককন
