chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পিসিআইইউতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘জার্নালিজম ফুটবল কার্ণিভাল ১.০’

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘জার্নালিজম ফুটবল কার্ণিভাল ১.০’।

আগামী পহেলা জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ডি-বিল্ডিং সংলগ্ন মাঠে দিনব্যাপী এ বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির জানিয়েছে, আয়োজনকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ফুটবল কার্ণিভাল। দলগুলো হলো— ট্রাইমেস্টার টাইটান্স, এফসি আইকনিক বন্ড, ক্যাম্পাস ভয়েস ৩৩ এবং এলিট গ্ল্যাডিয়েটরস। প্রতিটি দলে ৮ জন করে মোট ৩২ জন খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করেছেন।

এবারের আয়োজন উপলক্ষে নারী শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ গেম সেগমেন্ট ও পুরস্কার। পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফির সাথে তৃতীয় স্থান নির্ধারণী ট্রফি ও সেরা গোলদাতা পুরস্কার প্রদান করা হবে। আগামী ৩১ ডিসেম্বর জার্সি ও ট্রফি উন্মোচন করা হবে।

এ প্রসঙ্গে বিভাগের চেয়ারম্যান দিলরুবা আক্তার বলেন,
“আমি আশাবাদী—শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে খেলবে এবং আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করবে।”

বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফোরামের কো-অর্ডিনেটর ও বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল বলেন,
“সবার সহযোগিতায় এটি একটি সফল ও অংশগ্রহণমূলক আয়োজন হবে বলে প্রত্যাশা করছি।”

আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম তামিম বলেন,
“বিভাগের উদ্যোগে এই ধরনের আয়োজন এই প্রথম। ফুটবল কার্ণিভালের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করতে চাই।”

আয়োজক কমিটির সদস্য সচিব সৌরভ মজুমদার বলেন,
“এ ধরনের আয়োজন শুধুমাত্র খেলাধুলা নয়, পারস্পরিক সম্পর্ক ও একাডেমিক জীবনকেও আরও প্রাণবন্ত করে তোলে।”

টুর্নামেন্টটি নক–আউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করবেন আয়োজক কমিটির নির্বাচিত রেফারি প্যানেল। অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য প্রাথমিক চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক ‘দৈনিক চট্টলার খবর’।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর