টেকনাফে হত্যা মামলার আসামী গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় সংঘটিত আলোচিত নুরুল হক (ভুট্টো) হত্যা মামলার অন্যতম আসামী মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫।
গ্রেফতারকৃত আসামী মৌলভী পাড়ার বাসিন্দা ফজল আহাম্মদের পুত্র। তিনি ভুট্টো হত্যা মামলাসহ টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মোট তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০২২ সালের ১৫ মে সন্ধ্যায় মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ভুট্টো (৩৫)-এর ওপর প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার ডান পা বিচ্ছিন্ন করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার এজাহার মিয়ার পুত্র। এ ঘটনায় পরদিন ১৬ মে নিহতের ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, এ মামলার পর থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাব-১৫ যৌথভাবে তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল গত ১৭ ডিসেম্বর সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসসি/চখ