মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত “সিটি কলেজ বিজয় দিবস ম্যারাথন–২০২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে সরকারি সিটি কলেজ প্রাঙ্গণ থেকে ম্যারাথনের যাত্রা শুরু হয়।
ম্যারাথন শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ও প্রকৃত ইতিহাস জানতে হবে। ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, বিজয় দিবসের চেতনা ধারণ করে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জাতি গঠনে খেলাধুলা ও ম্যারাথনের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ মোঃ জসীম উদ্দীন, সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকি রনি এবং সদস্য সচিব আব্দুল মজীদ ছোটন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দীন মাসুদ। সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আরিফুল ইসলাম, সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ ম্যারাথনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসসি/চখ
পূর্ববর্তী খবর