তরুণদের রক্ষা করুন, জাতির উদ্দেশে ভাষণে ইউনূস
আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, আমাদের তরুণদের রক্ষা করুন। তাহলে আমরা সবাই রক্ষা পাব। রক্ষা পাবে আমাদের প্রিয় মাতৃভূমি।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
গত বছরের জুলাই অভ্যুত্থানের ফলাফলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা।’’ এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
পলায়নকারীদের বিষয়ে তিনি বলেন, ‘‘তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলি সরিয়ে ফেলা। নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে।’’ সেজন্যই তো এত তাড়াহুড়া বলে মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে।’’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘‘এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে।’’
দেশের সবাইকে জোর গলায় তরুণদের রক্ষা করব বলে আওয়াজ তোলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের ওপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব।’’
তিনি বলেন, ‘‘নির্বাচন আসার আর বাকি মাত্র দুই মাস। আমরা তাদের ওপর নজর রাখব।’’ বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব মন্তব্য করে তিনি বলেন, ‘‘যেহেতু আমাদের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের মনে কোনো ভয়ডর নেই তাই তারা নির্বাচনের আগের দুই মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে।’’ সব রকমের হিংসা, কোন্দল থেকে তারা দেশকে বাঁচিয়ে রাখবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
ফখ|চখ