পেকুয়ায় পুকুরে ডুবে ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আসমাইন (১৩ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ আসমাইন ওই এলাকার সিকদার পাড়ার বাসিন্দা ও প্রবাসী মোহাম্মদ আজিমের একমাত্র সন্তান বলে জানা গেছে। ঘটনার সময় শিশুটির মা বাড়ির গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশু আসমাইন বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের খোলা পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় পার হলেও শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত সময় পানিতে থাকার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম. শাহনেওয়াজ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুপুরের দিকে সিকদার পাড়া এলাকায় পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।”
ঘটনার পর শিশুটির পরিবারের মাঝে শোকের মাতম চলছে। স্থানীয় এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের জলাশয়গুলো ঘিরে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
এসসি/চখ
