মিরসরাইয়ে জমি বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৫৫) জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের ফজলে রহমানের চতুর্থ ছেলে।
পুলিশ জানায়, নিহত আবুল কালামের সঙ্গে তার ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত ভাতিজা মো. হেলাল পালিয়ে যায়। পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, “জমি নিয়ে বিরোধ হঠাৎ করেই পরিস্থিতি এত ভয়াবহ হয়ে গেল। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত আবুল কালামকে নিজেদের দলীয় বিএনপি কর্মী দাবি করে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আবুল কালামের হত্যাকারী হেলাল জামায়াতের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে । তিনি আরো জানান, এ ঘটনার প্রতিবাদে বাদ মাগরিব জোরারগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী জানতে চাইলে বলেন, জমি সংক্রান্ত বিরোধে হত্যাকান্ডকে বিএনপি রাজনীতি টেনে এনে ঘটনা ভিন্নভাতে নিচ্ছে। আমরা এখানে রাজনীতি নয়, অপরাধীর বিচার চাই।
এসসি/চখ
