chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কেরানীহাটে চোলাই মদ আটক, জনতার ক্ষোভে আগুন

চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নেওয়ার পথে বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান আটক করেছে স্থানীয় জনতা। পরে ট্রাক থেকে নামিয়ে চোলাই মদভর্তি বস্তাগুলোতে আগুন দেওয়া হয়।

রোববার রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোল চত্বর পাশে সড়কে উপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে একটি মিনি ট্রাকে করে চোলাই মদ পাচার করা হচ্ছিল। অসংখ্য ছোট পলিথিনে ৫ লিটার করে চোলাই মদ ভরে সেগুলো একাধিক বস্তায় রাখা হয়। বস্তাগুলো আড়াল করতে ট্রাকের ওপরে খড় বিছানো ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা ট্রাকটি আটকে তল্লাশি চালায়। পরে ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে মহাসড়কের পাশে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে এনে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে চোলাই মদের সঠিক পরিমাণ নিশ্চিত করা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫ হাজার লিটার চোলাই মদ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি থানায় নিয়ে আসে। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর