শহিদ বুদ্ধিজীবীদের আদর্শে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান, জেলা প্রশাসক
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর (রোববার) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের উপস্থিতিতে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ মোতাহার হোসেন, পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির মেধা ও মনন ধ্বংসের জন্য পাক হানাদার বাহিনীর পরিকল্পিত ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, “শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই একটি মানবিক, প্রগতিশীল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শহিদ বুদ্ধিজীবীদের মহান আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাদের আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে হবে। তাহলেই আমাদের অগ্রজদের স্বপ্ন পূর্ণতা পাবে এবং পাক হানাদার বাহিনীর ষড়যন্ত্র ব্যর্থ হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফখ|চখ
