এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দীর্ঘ ৩৪ বছর পর একসঙ্গে মিলিত হন একই ব্যাচের বন্ধুরা। দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন গত শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে সাড়ে ৮শতাধিক বন্ধু রেজিস্ট্রেশন করেন এবং অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, এটি শুধু একটি ক্লাব নয়; বরং ৩৪ বছরের স্মৃতি, আবেগ ও বন্ধুত্বের এক দৃঢ় বন্ধন।
সকাল ৯টায় সদস্যদের আগমন ও রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রয়াত বন্ধুদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন, মোনাজাত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর স্বেচ্ছাসেবক প্যানেল ও উপদেষ্টা পরিষদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আলো শুভেচ্ছা বক্তব্যে বন্ধুত্বের শক্তি ও সবাইকে একত্রে রাখার প্রত্যয়ের কথা তুলে ধরেন। পরে বন্ধুদের স্মৃতিচারণ পর্বে স্কুলজীবনের নানা গল্প ও আবেগঘন মুহূর্ত ভাগাভাগি করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন পারভেজ, বিশ্বজিৎ, শেখ মো. শহিদুজ্জামান ও লিংকন। সুজন দেবের কন্যা অনন্যা দেব প্রাচীরের একক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বান্ধবীদের সংগীত পরিবেশনায় অংশ নেন ফাতেমা জোহরা, ফেন্সি, মৌসুমী ও নিপু।
মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেলে বিশেষ পরিবেশনা, ওসমানের একক গান এবং অতিথি হাসান ফারুকের বক্তব্য অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে আগত এসএসসি ’৯১ ব্যাচের শিল্পীরা—উত্তম, হিমেল, সুজন, আসাদ, লিটনসহ অনেকে সংগীত পরিবেশন করেন। জুনি চাকমার ডুয়েট পারফরম্যান্স ও পাহাড়ি নৃত্য অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। অতিথি শিল্পী সুইটি ও পপির গান মিলনমেলার আবহ আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে টি-শার্ট, ব্যাগ, চার রঙের স্মরণীয় স্যুভেনির, কলম ও ব্যাজ উপহার দেওয়া হয়। সবচেয়ে বেশি অংশগ্রহণকারী বন্ধু ছিলেন চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরশ্বরাই ও পটিয়া অঞ্চল থেকে।
সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন ও সাখাওয়াত হোসেন সাজ্জাদুল ইসলামসহ একটি বড় সমন্বয়কারী টিম। রাতে র্যাফেল ড্র এবং প্রধান সমন্বয়কারীর সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আয়োজকেরা বলেন, এই বর্ষপূর্তি আয়োজন প্রমাণ করেছে—বয়স বাড়ে, সময় বদলায়, কিন্তু বন্ধুত্ব কখনো পুরোনো হয় না। এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি বন্ধুত্বের স্মৃতিতে হয়ে থাকল এক অবিস্মরণীয় অধ্যায়।
