টেকনাফে মাছবাহী ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ২
টেকনাফ–কক্সবাজার মহাসড়কের আলীখালী রাস্তার মাথায় মাছবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টেকনাফের হ্নীলা আলীখালী রাস্তার মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা মৌলভীবাজারের বাসিন্দা সেলিমের পুত্র সিএনজি চালক ফারুক (৩২) ও অপর নিহত ব্যক্তি সিএনজিতে থাকা যাত্রী সদরের নাজির পাড়ার সৈয়দ নূরের পুত্র ইমাম হোসাইন (২৫)।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) নুরুল আবছার বলেন, আলীখালী রাস্তার মাথায় মাছবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হবে এবং ২০১৮ সালের সড়ক ও পরিবহন আইন অনুযায়ী মামলা রুজু করা হবে।
দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তাসু/চখ
