চট্টগ্রামে এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম নাঈম বিশ্বাস।নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯-এ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাত ৮ টায় নগরের বায়েজিদ বোস্তামী থানার চক্রেসো আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এপিবিএন-৯ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, নাঈম বিশ্বাস ও তাঁর স্ত্রী দুজনই কনস্টেবল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন নাঈম।
মো. অহিদুর রহমান আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে মঙ্গলবার লাশের ময়নাতদন্ত হবে। নিহত নাঈমের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকেও পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তাঁর নাম অহিদুর রহমান।
মআ/চখ
