ফটিকছড়িতে ইয়াবা কারবারি ধরা
ফটিকছড়িতে মাহমুদ উল্লাহ (২৮) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
সোমবার রাতে ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের চৌমুহনী বাজার সংলগ্ন এলাকা থেকে ৩০ টি ইয়াবা টেবলেটসহ তাকে পুলিশ আটক করে। আটক ইয়াবা কারবারি ওই এলাকার কাজী ইউসুফ আলী চৌধুরী বাড়ির মো. ইউছুপ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আটক ইয়াবা কারবারি দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌরসভা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন ফটিকছড়ি পৌরসভা যুবদলের সদস্য সচিব আহসানুল করিম রাজন।
তিনি বলেন, পৌরসভা যুবদলে এই নামে কোনো ব্যক্তি নেই। সংগঠনের সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই।
ফটিকছড়ি থানা এসআই মাজহারুল জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে।
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
তাসু/চখ
