chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পেকুয়ায় পুরাতন ভবনের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকার পুরাতন ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় এলাকায় শোকের ছায়া নামিয়েছে।

নিহত আমজাদ হোসেন টেকঘোনা পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে। তিনি ইউনিয়ন তাঁতীদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং এলাকায় একজন সৎ, শান্ত ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের ভাই আজাদ জানান, আমজাদ প্রতিদিনের মতো রোববার সকালেও শ্রমিকের কাজ করতে বের হন। তিনি দশের ঘোনা এলাকার কালা মুন্সির পুরাতন বাড়ি ভাঙার কাজে অংশ নেন। ভাঙার কাজ চলাকালে দুপুরের দিকে ভবনের একটি দুর্বল দেয়াল হঠাৎ ভেঙে তার উপর পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন আরিয়ান বলেন, “আমজাদ হোসেন অত্যন্ত সৎ এবং সাহসী একজন কর্মী ছিলেন। দলের প্রতি তার একনিষ্ঠতা অতুলনীয়। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন গভীর শোক প্রকাশ করে বলেন, “আমজাদের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো সংগঠনের জন্যই দুঃখজনক। তার দুই সন্তানের মাথার উপর থেকে ভরসার মানুষের ছায়া সরে গেল।”

স্থানীয়দের মতে, আমজাদ ছিলেন সহজ-সরল ও পরিশ্রমী মানুষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার হঠাৎ মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে। এলাকার মানুষ দুর্ঘটনার এ ঘটনায় হতবাক ও শোকাহত।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর