ফটিকছড়িতে ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
ফটিকছড়ি পৌরসভায় জাল দলিল সৃজনকারী ভূমিদস্যু ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর সদরের পালপাড়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ ইয়াছিন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জাল দলিল তৈরি করে আমাদের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার হীনতৎপরতায় লিপ্ত রয়েছে। জালিয়াতচক্রটি শুধু প্রতারণাই নয়, আমরা মামলার বাদী পক্ষকে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনায় দায়ের করা সি আর মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ভূমিদস্যু জনৈক পলাশ, ফিরোজ ও সুমনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তা না হলে আমাদের অপূরনীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসসি/চখ
