chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাঠে নামার আগেই আলোচনায় তাসকিন

তাসকিন আহমেদ ব্যস্ত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, আরেক মঞ্চে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে বিশ্রামে থাকলেও তিনি সময় কাটিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, আবুধাবি টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সের হয়ে। ছোট ফরম্যাটের সে আসরে নিজের গতি আর ধারাবাহিকতার মাধ্যমে নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার জায়গা পেয়েছেন আইএল টি-টোয়েন্টির শারজাহ ওয়ারিয়র্স দলে।

দলভুক্ত হলেও এখনো মাঠে নামার অপেক্ষায় আছেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। শারজাহর হয়ে অভিষেক না হলেও তার ভেতরে লুকিয়ে আছে দৃঢ়তা ও প্রত্যাশা-নিজেকে প্রমাণ করার, দেশের প্রতিনিধিত্বে সেরাটা তুলে ধরার। সামনে বিপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় তিনি চাইছেন আইএল টি-টোয়েন্টির পুরোটা সুস্থভাবে শেষ করতে।

দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় তাসকিন সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে হারে-সেই ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন।

আজ রোববার বিকেল ৪টায় এমআই এমিরেটসের বিপক্ষে নামবে ওয়ারিয়র্স। ম্যাচটি কেবল দলের ঘুরে দাঁড়ানোর সুযোগই নয়, বরং তাসকিনকে প্রথমবারের মতো মাঠে দেখা যায় কি না, এ প্রত্যাশাতেও চোখ থাকবে অনেকের।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর