চট্টগ্রামে মোবাইল কোর্টে শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের যৌথ উদ্যোগে আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) হামজারবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোহাম্মদ আবুল কালামের মালিকানাধীন মেসার্স পারভেজ ফুড প্রোডাক্টস লিঃ এ প্রবেশ করে দেখা যায়—প্রতিষ্ঠানটি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য, বিশেষত শিশুখাদ্য উৎপাদন করছে। এছাড়া বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত করার মতো গুরুতর অসঙ্গতিও পরিলক্ষিত হয়।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে পঞ্চাশ হাজার টাকা (৫০,০০০/-) অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফারহান ইসলাম, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম; ইয়াছিনুল হক চৌধুরী, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন; সহায়ক কর্মচারীবৃন্দ এবং সিএমপি, চট্টগ্রামের একটি চৌকস টিম।
জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
