চট্টগ্রাম বন্দর লিজ বন্ধে বন্দর রক্ষা পরিষদের পদযাত্রা
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউ কন্টেইনার টার্মিনাল (NCT) বিদেশী প্রতিষ্ঠান DP World–এর নিকট লিজ দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আগ্রাবাদ চৌমুহনী থেকে বনানী যমুনা ভবনের মোড় পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক আবু সাইদ হারুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমি। প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি নুরুল আবছার মজুমদার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পেশাজীবী পরিষদের প্রকৌশলী আরিফ মাহমুদ, জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, NCT টার্মিনাল বর্তমানে সম্পূর্ণ স্বয়ংসম্পন্ন ও আধুনিক অবকাঠামোসমৃদ্ধ। এর মাধ্যমে প্রতি TEUS কন্টেইনারে চট্টগ্রাম বন্দরের নীট আয় হয় প্রায় ১০০ মার্কিন ডলার। কিন্তু বিদেশী অপারেটর DP World যদি টার্মিনাল পরিচালনা করে, তাহলে প্রতি কন্টেইনারে বাংলাদেশ শুধু ৫০ ডলার পাবে এবং প্রতিষ্ঠানটি নিয়ে যাবে প্রায় ৬৫ ডলার। চলতি অর্থবছরের হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৯ কোটি ৪০ লাখ ২১ হাজার ২১৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা) বিদেশে চলে যেতে পারে—যা দেশের ডলার সংকট আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, ভিয়েতনাম বা সিঙ্গাপুর—কোনো দেশই তাদের বন্দরের একক টার্মিনাল পুরোপুরি বিদেশী অপারেটরের হাতে ছেড়ে দেয়নি। সেখানে রাষ্ট্রীয় ও স্থানীয় অপারেটরদের সঙ্গে যৌথভাবে বিদেশী অপারেটররা কাজ করলেও পূর্ণ নিয়ন্ত্রণ বিদেশীদের কাছে হস্তান্তর করা হয়নি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর উল্টো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
বক্তারা চট্টগ্রাম বন্দরের আরেকটি টার্মিনাল পিসিটি–তে RSGT–এর অনিয়ম ও অদক্ষতার বিষয়ও সমালোচনা করেন। তারা জানান, বর্তমানে সেখানে একটি কন্টেইনার ডেলিভারি নিতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগছে, ফলে সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকেরা মারাত্মক হয়রানি ও ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় RSGT–এর লিজ বাতিল ও ক্ষতিপূরণ আদায়ের দাবি তোলেন তারা।
এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং প্রশাসনের অনুরোধে সল্টগোলা ও বড়পুলের পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়।
অইউপদযাত্রা ও সমাবেশে বক্তব্য দেন শফিকুল ইসলাম লিটন, মো. হোসেন, সাজ্জাদুর রহমান সাজু, মিফতাউদ্দিন শিকদার টিটো, কাফিমুন্না, মোখলেছুর রহমান দেলোয়ার হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিরনন্তন চিরু।
চখ/ককন
