chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে শুকরের মাংসবর্তী বালতিতে লুকানো মদসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে দমদমিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে শুকরের মাংসবর্তী বালতিতে লুকোনো ১৩ লিটার দেশীয় চোলাই মদসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় নিয়মিত চেকপোস্ট তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নুনু মারমা (৬০) হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত থুয়াই মারমার স্ত্রী।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, কক্সবাজার-টেকনাফগামী ‘পায়রা সার্ভিস’ নামক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘মেঘলা’ বাসের বক্সে রাখা শুকরের মাংস ভর্তি একটি প্লাস্টিকের বালতিতে বারবার ঘ্রাণ নিয়ে মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে বালতির ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩ লিটার দেশীয় চোলাই মদসহ নুনু মারমাকে আটক করা হয়। বালতিবর্তী ১৯ কেজি শুকরের মাংসও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

এসসি/চখ

এই বিভাগের আরও খবর