গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, নাম হবে ‘সেনিয়ার’
বঙ্গোপসাগরের প্রান্তে মালাক্কা প্রণালী ও এর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও কিছুটা শক্তিশালী হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি বর্তমান অবস্থান থেকে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে “সেনিয়ার”।
নিম্নচাপ কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেমন টিম।
গভীর নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় ১৯৫০ কিমি দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে।
গভীর নিম্নচাপটি বাংলাদেশ থেকে অনেক দূরে থাকায় আপাতত জেলেদের জন্য কোনো সতর্কবার্তা নেই। এমনকি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা ও দেখা যাচ্ছে না।
সাধারণত নভেম্বরের শেষের দিকে দেশে শীতের আমেজ বাড়তে থাকে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য স্পষ্ট হয় এবং হিমালয়ের শীতল হাওয়ার প্রভাবে দ্রুত তাপমাত্রা কমতে থাকে। কিন্তু চলতি সময়ে সমুদ্রে নতুন করে নিম্নচাপ সৃষ্টির ফলে বাতাসে আর্দ্রতা বেড়েছে এবং আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে।
শীতের আগমনের জন্য প্রয়োজন শুষ্ক, শীতল ও স্থির বাতাস। কিন্তু বর্তমানে মেঘলা, আর্দ্র ও অস্থির আবহাওয়া সেই স্বাভাবিক শীতের ধারা বাধাগ্রস্ত করছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি পিছিয়ে যাচ্ছে।
ফখ|চখ
