সেনা সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হামলা
ঘরের ৫ সদস্যকে জিম্মি করে স্বর্ণালংকার লুট
চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মোবাইলফোন নিয়ে গেছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রধারী ডাকাতরা দরজার তালা ভেঙে ঘরে ঢুকে প্রথমে শিশুদের গলা চেপে ধরে আতঙ্ক সৃষ্টি করে। পরে ঘরের পাঁচজনকে জিম্মি করে ফেলে। বাড়ির কর্তা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের হাত-মুখ তাঁর পরনের লুঙ্গি দিয়ে শক্ত করে বেঁধে ফেলে ডাকাতরা। শিশুদের কান্না থামাতে তাদের গলা চিপে ধরে এবং ছেলে-বউরা চিৎকার করলে তাদের ওপরও চড়-থাপ্পড় ও মারধর চালায়।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু সুফিয়ান জানান, তাঁর দুই ছেলে চাকরির কারণে শহরে অবস্থান করেন। রাতে ঘরে ছিলেন দুই ছেলের স্ত্রী, দুই নাতি ও তাঁর স্ত্রী। রাত দেড়টার দিকে ডাকাতদল তালা ভেঙে তাঁর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই হাত বেঁধে ফেলে। এ সময় পাশের রুমে থাকা নাতি ও বউদের চিৎকার শুনতে পান। ডাকাতরা দুই নাতির গলা চেপে ধরে ভয় দেখায় এবং কানের দুল খুলতে চেষ্টা করলে বউদের ওপর বেধড়ক মারধর করে।
তিনি আরও জানান, ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার ৭০০ টাকা এবং ৪টি মুঠোফোন লুট করে নিয়ে যায়। ঘরের ভেতরে কমপক্ষে সাতজন ডাকাত ছিল, বাইরে আরও কয়েকজন পাহারায় দাঁড়িয়ে ছিল। চলে যাওয়ার আগে ডাকাতরা সব রুম বাইরে থেকে আটকে দেয়। শুধু তাঁর স্ত্রীর রুম খোলা থাকায় তিনি সবাইকে বের করে পাশের পুরান বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৌখিকভাবে সব তথ্য সংগ্রহ করা হয়েছে। সকালে আবারও পুলিশের টিম ঘটনাস্থল ঘুরে দেখেছে। ঘটনায় ইতোমধ্যে উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছে।
তাসু/চখ