chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

হাইকোর্টের নির্দেশে সাপের বিষের প্রতিষেধক ‘অ্যান্টিভেনম’ সারাদেশে উপজেলা পর্যায়ে পাঠাতে সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

শনিবার অধিদপ্তরের পরিচালক আসরাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।

এর আগে, গত ১৮ আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

১৭ আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের আগামী ২৮ অক্টোবর আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

উল্লেখ্য, পত্রিকায় প্রকাশিত একটি পরিসংখ্যান দিয়ে বলা হয়, সারা দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত সাপের কামড়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেই পাঁচ মাসে সাপের দংশনের শিকার হয়েছেন ৬১০ জন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর