ফের বায়েজিদে গুলিকাণ্ড, অটোরিকশা চালক আহত
বন্দরনগরী চট্টগ্রামে আজ্ঞাতনামা গুলির ঘটনা বেড়েই চলেছে। একদিনের ব্যবধানে বায়েজিদ থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কুয়াইশ চালিতাতলীতে এ ঘটনা ঘটে।
আহত ইদ্রিস আলী, নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।
এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলির ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক তালিভুক্ত সন্ত্রাসী নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন, গুলির ঘটনার বিষয়ে অবগত নয়। খবর নিচ্ছি।
নাম অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি দেন। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।’
চখ/ককন
