chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডিসেম্বরে ১০টি সেবার ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উপহার দেব : মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ বছর ৫০-৬০টি বড় বড় রাস্তা উপহার দেব। ১০টি নাগরিক সেবা নিয়ে আমাদের চট্টগ্রাম অ্যাপস উপহার দেব ডিসেম্বরে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসীরা তাদের যাবতীয় অভিযোগ ও সহায়তা নিতে পারবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেয়র ডা. শাহাদাত হোসেনের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বর্জ্যকে সম্পদে পরিণত করার বষয় উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বর্জ্য থেকে বায়োগ্যাস হবে, গ্রিন ডিজেল হবে। আপনারা বর্জ্য বিক্রি করবেন, আমরা টাকা দেব। সেই সময় চলে আসবে। কোনোক্রমে হতাশ হবেন না। যে টাকা এখন ডোর টু ডোর বাবদ দিচ্ছেন- ৭০ টাকা, সেটি আপনাদের বিনিয়োগ। একপর্যায়ে এটা বিনামূল্যে হয়ে যাবে। আরও পরে উল্টো টাকা আপনারা পাবেন।’

তিনি বলেন, ‘নগরে ৩ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয়। ২ হাজার ২০০ টন আমরা সংগ্রহ করতে পারি। আমি ডোর টু ডোর প্রকল্প চালু করেছি। ঘর প্রতি ৭০ টাকার বেশি নিলে ফেসবুকে বেশি না দিয়ে সিটি করপোরেশনে জানাবেন, তাদের বাতিল করে দেব। দেশে প্রথম চট্টগ্রামে বায়োগ্যাস উৎপাদন করতে যাচ্ছি। বছর-দেড় বছর পর ময়লা নেওয়ার জন্য টাকা দেব। শহর ক্লিন রাখতে হলে শতভাগ বর্জ্য সংগ্রহ করতে হবে। ডোর টু ডোর প্রকল্পের কারণে এ মাসে ৫০০ টন বেশি বর্জ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’

কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স আদায়ে ছাড় দেওয়া হবে না জানিয়ে মেয়র বলেন,  ‘বন্দর থেকে অন্তত ২০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পাওয়া আমাদের হক। আ জ ম নাছিরের সময় ৫১ কোটি টাকাকে ১১ কোটি টাকা করা হয়েছে। খোরশেদ আলম সুজনের সময় ঘষামাজা করা হয়েছে। মেয়র রেজাউলের সময় ধরা পড়েছে। আমি শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছি। শোকজ করেছি।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাড়ে তিন লাখ পরিবারকে নাগরিক কার্ড দেওয়া হয়েছে। বেকারদের জন্য আইসিটি করবো কালুরঘাটে। চর বাকলিয়ায় পর্যটন টাউন করব, সেখানে অনেকে চাকরি পাবে। মনোরেল প্রকল্প শুরু হলে ৮-১০ হাজার বেকারকে চাকরি দিতে পারব।’

চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগম,চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি সিএমপি কমিশনার হাসিব আজিজ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ।

অনুষ্ঠানে মেয়রের এক বছরের কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন ও উন্নয়ন প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। মেয়র প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম উদ্বোধন করেন।

চখ/ককন 

এই বিভাগের আরও খবর