সমুদ্র দেখতে গিয়ে সড়কেই নিভে গেল একই পরিবারের ৫ প্রাণ
পরিবারের সবাই মিলে ঘুরতে যাচ্ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকত। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে গেল সেই যাত্রা। কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় চট্রগ্রামগামী মারসা পরিবহন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৫ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে।
বুধবার সকালে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম (৩৫), তার মা এবং শাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪) এবং শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২)।
গুরুতর আহত হয়েছেন এনামুল হক পাটোয়ারী (৪৫), তার ছোট কন্যা ও এক শ্যালক। তাদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। আর আহতদেরকে হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। দুর্ঘটনাপ্রাপ্ত বাস ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাসু/চখ
