chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ টমটম চালক আটক

টেকনাফে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ মাদকবিরোধী অভিযানে ২১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক টমটম চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক হওয়া মো. কবির (৩৫) হোয়াইক্যং রইক্ষ্যং এলাকার বাসিন্দার আব্দুল মালেকের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং উনচিপ্রাং বিওপি টহলদল এবং সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২৯ ডিভিশন লোকেটিং আর্টিলারি ইউনিটের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে হোয়াইক্যং উনচিপ্রাং বাজারসংলগ্ন ব্রিজ এলাকায় কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত টমটম তল্লাশি করা হয়। এসময় সিটের নিচে লুকানো অবস্থায় ২১ হাজার ২০০ পিস ইয়াবাসহ চালককে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির সূত্র জানায়, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে থাকা উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের ধারাবাহিক অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর