chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণভোটের দাবিতে আসছে ৮ ইসলামি দলের ‘বড় কর্মসূচি’

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিতে ‘অনড়’ অবস্থানে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলো। এ দাবিতে বড় কর্মসূচির আভাসও দিচ্ছেন নেতারা।

বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট হোক। অন্যদিকে ধর্মভিত্তিক দলগুলো চায় নির্বাচনের আগেই গণভোট হোক।

৮টি ইসলামী দলগুলোর নেতারা বলছেন, গণভোটের বিষয়ে তারা কী কর্মসূচি দেবেন তা সোমবারই চূড়ান্ত করবেন। যদি একমত হওয়া যায়, সে দিন বড় ধরনের কর্মসূচিও আসতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম দেশকাল নিউজ ডটকমকে বলেন, “আমরা গণভোটের দাবিতে পাহাড়ের মতো অটল। গণভোট আদায় করেই আমরা নির্বাচন করব।”

সোমবার ৮ দলের বৈঠক থেকে বড় ধরনের কর্মসূচি আসছে জানিয়ে তিনি বলেন, সেটা কোন ধরনের কর্মসূচি হবে, তা নেতৃবৃন্দ বসে ঠিক করবেন।”

বিএনপি তো জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না—দলটির এই অবস্থানের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে জামায়াত নেতা বলেন, “নভেম্বরে না হলে ডিসেম্বরে হবে।”

সেটা কীভাবে আদায় করবেন—এই প্রশ্ন করলে জবাব এলো, “আন্দোলন করব। গণভোট হয়েই নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া নির্বাচন তো জনগণও মানবে না।”

বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান জানতে চাইলে দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন দেশকাল নিউজ ডটকমকে বলেন, “এককভাবে বলা মুশকিল। তবে আমাদের দলীয় অবস্থান হলো—গণভোটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

সোমবার এ নিয়ে বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, “কী করা হবে, সে বিষয়ে ৮ দলের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন।”

ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদ বলেন, “সরকার চাইলে নভেম্বরেই গণভোট করতে পারে। আর গণভোট না হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে।”

গণভোট না হলে জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান কী হবে—এই প্রশ্নে তিনি বলেন,“আমিরের উপস্থিতিতে বৈঠকের পর সেটা বলা যাবে।”

গত বুধবার ইসলামি দলগুলোর ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়।

এগুলো হলো:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা;

২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা;

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; এবং

৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর